আমেরিকার সাথে নতুন করে শুরু হওয়া আলোচনা এবং ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই নিজেদের প্রধান পরমাণু কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করছে ইরান। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, তেহরান তাদের স্পর্শকাতর স্থাপনাগুলোকে সুরক্ষিত করতে নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু কেন্দ্রে নতুন সুড়ঙ্গ এবং শক্তিশালী কাঠামো নির্মাণ করছে।
বিশেষ করে নাতাঞ্জের শহীদ আহমাদি রোশন পরমাণু কেন্দ্রের কাছে মাউন্ট কোলাং গাজ লা'র (পিকঅ্যাক্স মাউন্ট) ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে নতুন করে কংক্রিটের আস্তরণ দেয়ার পাশাপাশি মাটি সরানোর কাজ চলছে। বিশ্লেষকদের মতে, গত বছরের হামলার ক্ষয়ক্ষতি আড়াল করতে এবং অবশিষ্ট সরঞ্জাম ও সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে এই তৎপরতা চালানো হতে পারে।
ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস) জানিয়েছে, গত বছরের মাঝামাঝি সময়ে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি অংশে এখন সাদা প্যানেলের ছাদ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গবেষকদের ধারণা, আকাশপথে নজরদারি এড়াতেই এই ব্যবস্থা নিয়েছে ইরান। অন্যদিকে, ইসফাহান পরমাণু কেন্দ্রের প্রবেশপথগুলোকেও মাটি চাপা দিয়ে আড়াল করা হয়েছে। যদিও স্যাটেলাইট চিত্রে ভারী নির্মাণ যন্ত্রপাতির উপস্থিতি দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্থাপনাগুলো এখনো পুরোপুরি কার্যকর হওয়ার পর্যায়ে পৌঁছায়নি।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল