২০২৪ সালের আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সম্প্রতি নবনির্বাচিত সরকারের ক্ষমতায় আসা পর্যন্ত গত দেড় বছরের বেশি সময় ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে শীতলতা আসে, দুই দেশের কূটনৈতিক স্তরেও এর প্রভাব পড়ে। একই প্রভাব পড়ে ভিসা প্রদানের ক্ষেত্রেও। বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রদান কমিয়ে দেওয়া হয়। এমনকি একটা সময় নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা আবেদন কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়। স্বভাবতই বাংলাদেশ থেকে ভারতে আগত পর্যটকদের সংখ্যা কমে যায়। আর সেই প্রভাব পড়ে ভারতের বিদেশি পর্যটকের আগমনের (ফরেন টুরিস্ট এরাইভাল বা এফটিএ) ক্ষেত্রে।
পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে ভারতে বিদেশি পর্যটকের আগমন (এফটিএ) কমেছে শতকরা ৯.৪ শতাংশ। এই সময়কালে ভারতে বিদেশি পর্যটক আগমন করেছিল ৯০ লাখ ২০ হাজারের মতো। অথচ তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে বিদেশি পর্যটকের আগমনের সংখ্যা ছিল ৯৯.৫ লাখ এবং ২০১৯ সালে তা ছিল ১.১ কোটি।
পাশাপাশি ভারতে বিদেশি পর্যটকের আগমনের নিরিখে পূর্ব পাড়ের প্রতিবেশী দেশটি দ্বিতীয় থেকে পঞ্চম বৃহত্তম স্থানে নেমে এসেছে।
সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে পর্যটক আগমন কমেছে শতকরা ৭৩.৩৭ শতাংশ। ২০২৫ সালে সেদেশ থেকে ৪ লাখ, ৬৬ হাজার ১২ পর্যটক ভারতে এসেছিলেন। তার আগের বছরে (২০২৪ সালে) ছিল ১৭ লাখ ৫০ হাজার ১৬৫ জন।
ভারত যেখানে বছরে প্রায় ৯০ লাখ পর্যটক আকর্ষণ করে, সেখানে বার্ষিক ৮ কোটি থেকে ১০০ কোটি পর্যটক যায় ফ্রান্স এবং স্পেনের মতো দেশগুলিতে। থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতেও তাৎপর্যপূর্ণভাবে বিদেশি পর্যটকের আগমন বেড়েছে। এমনকি ভারতের বিশাল আয়তন এবং বৈচিত্র্য থাকা সত্ত্বেও তুলনামূলক ভাবে দুবাই একাই ভারতের চেয়ে বেশি পর্যটক আকর্ষণ করে।
২০২৫ সালে ভারতে বিদেশি পর্যটকের আগমনের নিরিখে শীর্ষ স্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ওই দেশ থেকে ১০ লাখ ৮১ হাজার (১.৮১ মিলিয়ন) পর্যটক আগমন করেছিলেন। এরপরই ছিল যুক্তরাজ্য (১.০৭ মিলিয়ন), অস্ট্রেলিয়া (০.৫৪ মিলিয়ন) এবং কানাডা (০.৫৩ মিলিয়ন)।
তবে ভারতে বিদেশি পর্যটকের আগমন কমলেও, একই সময়ে, ভারতীয় পর্যটকদের অন্য রাষ্ট্রে ভ্রমণ যথেষ্ট বেশি ছিল। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটি থেকে ৩২৭.১ লাখ পর্যটক অন্য দেশ ভ্রমণ করেছেন। ২০২৪ সালের তুলনায় এই হার শতকরা ৫.৯ শতাংশ বৃদ্ধি পায় এবং ২০১৯ সালের তুলনায় যা ২১.৫ শতাংশ বেশি। ভারতীয়দের ক্ষেত্রে শীর্ষ গন্তব্যস্থান সংযুক্ত আরব আমিরাত, ২৬.৩ শতাংশ ভারতীয় পর্যটক ওই দেশে ভ্রমণ করতে যায়। তারপরেই রয়েছে সৌদি আরব (১০.৩ শতাংশ), থাইল্যান্ড (৬.৮ শতাংশ), মার্কিন যুক্তরাষ্ট্র (৬.১ শতাংশ) এবং সিঙ্গাপুর (৪.৭ শতাংশ)।
বিডি প্রতিদিন/হিমেল