কয়েকটি উপসাগরীয় আরব দেশে ইরানের হামলাকে ‘বেপরোয়া’ এবং ‘বড় ধরনের কৌশলগত ভুল’ বলে মন্তব্য করেছে আরব লীগ। সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল গেইত বলেন, এসব হামলার কোনো যৌক্তিকতা নেই।
আরব লীগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। আবুল গেইত দাবি করেন, যেসব আরব দেশ আক্রান্ত হয়েছে তারা চলমান যুদ্ধে অংশ নিচ্ছে না। তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালাবে না—এ বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অষ্টম দিন চলছে। এর জবাবে তেহরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন থাকা মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা শুরু করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার দেশগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলোর আঞ্চলিক সংস্থা ‘আরব লীগ’-এর সদস্য।
সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে চলমান পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান। তবে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর সেই উদ্যোগ ভেস্তে যায়।
আবুল গেইত বলেন, ওমান, কাতার ও মিশরসহ কয়েকটি আরব দেশ অঞ্চলকে যুদ্ধের আঘাত থেকে মুক্ত রাখতে কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে ইরান বলছে, তেহরান আক্রান্ত না হলে তারা ওইসব দেশে পাল্টা হামলা চালাবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল