কানাডার টরেন্টোতে অবস্থিত মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। টরেন্টো পুলিশ অপারেশনস তাদের এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার কিছু আগে গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের স্পষ্ট প্রমাণ পায়।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সন্দেহভাজন কাউকে শনাক্ত করাও সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে কনস্যুলেট সংলগ্ন এলাকার রাস্তাগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে গত রবিবার নরওয়ের অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে একটি ইম্প্রোভাইজড ডিভাইস (হাতে তৈরি বিস্ফোরক) রাখার দায়ে একজনকে খুঁজছে কর্তৃপক্ষ। বিষয়টিকে সম্ভাব্য সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাথে এই হামলার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে টরেন্টোর বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে টরেন্টোর তিনটি পৃথক সিনাগগ বা ইহুদি উপাসনালয়ে গুলির ঘটনা ঘটে। এ ছাড়া গত সোমবার ইরান সরকারের একজন কড়া সমালোচক এবং ইরানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিকের মালিকানাধীন একটি জিমেও গুলিবর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল