যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনে আহত হওয়ার খবর ছড়ালেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ভালো আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।
টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসুফ পেজেশকিয়ান বলেন, তিনি শুনেছিলেন মোজতবা খামেনি আহত হয়েছেন। বিষয়টি জানার পর পরিচিত কিছু মানুষের মাধ্যমে খোঁজ নেন।
তার ভাষায়, ‘আমি শুনেছিলাম মোজতবা খামেনি আহত হয়েছেন। পরে যোগাযোগ আছে এমন কয়েকজন বন্ধুর কাছে জানতে চাই। তারা আমাকে বলেছেন, আলহামদুলিল্লাহ, তিনি নিরাপদ ও ভালো আছেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই মোজতবা খামেনির পায়ে আঘাত লাগে। একই দিনে বিমান হামলায় নিহত হন তার বাবা ও দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলি খামেনি।
গত রবিবার ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাকে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ‘রামাদান যুদ্ধের আহত যোদ্ধা’ বলেও উল্লেখ করেছে। তবে তার আঘাতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরুতে পায়ে আঘাত পাওয়াই হয়তো এখন পর্যন্ত তাকে প্রকাশ্যে বা ভিডিও বার্তায় দেখা না যাওয়ার একটি কারণ হতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল