যুক্তরাজ্যের ৪২ বছর বয়সী টমি লিঞ্চের কাছে সাধারণ সকালটাই পরিণত হয়েছিল চরম আতঙ্কে। তিনি ঘুম থেকে উঠে দেখেন নিজে পুরোপুরি নীল হয়ে গেছেন। অনেকটা জনপ্রিয় চলচ্চিত্র 'অ্যাভাটার'রের চরিত্রের মতো গায়ের রঙ নীল হয়ে যাওয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা।
টমির অবস্থা দেখে তার এক পরিচিত স্বাস্থ্যকর্মী দেরি না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর টমির গায়ের রঙ দেখে জরুরি বিভাগের চিকিৎসকরাও ঘাবড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে অক্সিজেন দেওয়া হয় এবং দ্রুত শারীরিক পরীক্ষা শুরু করা হয়।
রহস্যের জট খোলে যখন একজন চিকিৎসক টমির হাত অ্যালকোহল মিশ্রিত তুলা দিয়ে মুছতে শুরু করেন। মুহূর্তেই সাদা তুলাটি গাঢ় নীল রঙে পরিণত হয়। তখন চিকিৎসকরা বুঝতে পারেন এটি কোনো শারীরিক অসুস্থতা নয় বরং বাহ্যিক কোনো রঙের প্রভাব। অনুসন্ধানে জানা যায়, টমি সম্প্রতি বন্ধু ডেলের কাছ থেকে উপহার পাওয়া এক সেট নেভি ব্লু বিছানার চাদর ব্যবহার শুরু করেছিলেন। নতুন কেনা সেই চাদরটি না ধুয়েই পরপর দুই রাত ব্যবহারের ফলে সেটির কাঁচা রঙ টমির শরীরে লেপ্টে গিয়েছিল।
টমি মজা করে জানান, হাসপাতালের কর্মীরা এই ঘটনায় বেশ মজা পেয়েছেন কারণ সচরাচর জরুরি বিভাগে এমন হাসির ঘটনা ঘটে না। চিকিৎসকরা রসিকতা করে বলেন, তারা এর আগে এত উজ্জ্বল নীল রঙের কোনো সুস্থ মানুষ দেখেননি। বাড়ি ফিরে টমি কয়েক দফা গোসল করার পরও প্রায় এক সপ্তাহ পর্যন্ত তার শরীরে এই রঙের রেশ রয়ে গিয়েছিল। তবে এখন তার প্রথম কাজ হচ্ছে যেকোনো নতুন কাপড় ব্যবহারের আগে তা ভালোভাবে ধুয়ে নেওয়া।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল