মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠছে। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের খবর আসছে একের পর এক। তেহরানসহ ইরানের কয়েকটি শহরে হামলার পর রাজধানীর আকাশে ধোঁয়ার স্তম্ভ দেখা গেছে।
এক নজরে সবশেষ খবর
- ইসরায়েল নতুন করে তেহরানে হামলা চালিয়েছে। হামলার পর রাজধানীর আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। একটি রেড ক্রিসেন্ট ক্লিনিকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনায় আসতে চায়। তবে যুদ্ধ থামাতে এখনো কোনো চুক্তি হয়নি। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি খোলা রাখতে ন্যাটো মিত্রদের সহযোগিতা চেয়েছেন।
- ড্রোন হামলার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
- সৌদি আরব জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে অন্তত ৬০টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
- কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
- ইরাকি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাস এবং বালাদ বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইরানপন্থী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একটি ঘাঁটিতে হামলায় তিনজন আহত হয়েছেন।
- অস্ট্রেলিয়া ও জাপান জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে যুদ্ধজাহাজ পাঠাবে না।
- এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তেহরান, হামাদান, ইসফাহানসহ একাধিক শহরে অব্যাহত রয়েছে। এর মধ্যে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
- লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। সেখানে নিহতের সংখ্যা বেড়ে ৮৫০ জনে পৌঁছেছে, যার মধ্যে শতাধিক শিশু রয়েছে।
- ইসরায়েল লেবানন সীমান্তে ট্যাংক ও সেনা জড়ো করছে বলেও জানা গেছে।
- যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। চলমান সংঘাতের কারণে টানা তৃতীয় দিনের মতো জাপানের শেয়ারবাজারে পতন দেখা গেছে। নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৩ শতাংশ কমে ৫৩১৩৮ দশমিক ৪২ পয়েন্টে নেমেছে। টপিক্স সূচকও কমেছে ০ দশমিক ৭ শতাংশ।
- গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে জাপানের নিক্কেই সূচক ৯ শতাংশের বেশি কমেছে।
- অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্রিয় রয়েছে।
- এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অস্কার অনুষ্ঠানে কিছু অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। স্প্যানিশ অভিনেতা জাভিয়ার বারদেম অনুষ্ঠানে যুদ্ধবিরোধী বার্তা লেখা ব্যাজ পরে উপস্থিত হন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আশিক