ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা কাটাতে বড় তথ্য সামনে এলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সুস্থ আছেন এবং খুব শিগগিরই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত তার বিশেষ প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম ইলাহি।
রুশ সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাকিম ইলাহি জানান, মোজতবা খামেনি প্রতিদিন নিয়মিত দপ্তরে আসছেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন প্রতিনিধিদলের সাথে বৈঠক করছেন। তার শারীরিক অবস্থা নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমে ছড়ানো জল্পনা উড়িয়ে দিয়ে ইলাহি বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং সরাসরি জনগণের সাথে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন।
খামেনির প্রতিনিধি আব্দুল মাজিদ আরও জানান, গত বুধবারই তার বাবা তথা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ৪০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে মোজতবা খামেনি একটি বিশেষ বিবৃতি জারি করেছেন। ইলাহি ব্যক্তিগতভাবে সেই বিবৃতিতে নেতার স্বাক্ষর দেখার কথা উল্লেখ করে বলেন, তিনি মোজতবা খামেনির হাতের লেখার সাথে দীর্ঘকাল ধরে পরিচিত এবং এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ গোয়েন্দা রিপোর্টের বরাতে দাবি করেছিল, মোজতবা খামেনি জীবিত থাকলেও তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই।
বিডি প্রতিদিন/নাজমুল