যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন শান্তি আলোচনার গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত-সংক্রান্ত সংকট নিরসনে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। বুধবার রুশ সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ বা সেগুলোকে জ্বালানি গ্রেডে রূপান্তর করতে প্রস্তুত।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার ক্ষুণ্ন না করেই এই সমস্যার সমাধান সম্ভব। তেহরান চাইলে এই ইউরেনিয়াম রাশিয়ার কাছে গচ্ছিত রাখতে পারে অথবা রাশিয়া সেগুলোকে শান্তিপূর্ণ ব্যবহারের উপযোগী জ্বালানিতে রূপান্তর করে দিতে পারে। বিশেষ করে ইরানের ৪৬০ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যখন আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, তখন মস্কোর এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে ওয়াশিংটন ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবিতে অনড় রয়েছে। গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণাঙ্গ অবসানের পক্ষেই মত দিয়েছেন। অতীতে ওবামা প্রশাসনের আমলেও জেসিপিওএ চুক্তির আওতায় ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিতে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
অন্যদিকে লাভরভ তার চীন সফর শেষে জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৃষ্ট জ্বালানিসংকট মোকাবিলায় তারা বেইজিং ও অন্যান্য দেশকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। মস্কোর এই অবস্থান ইরানের দীর্ঘদিনের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে তেহরান সব সময়ই বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন ও শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।
লাভরভ স্পষ্ট করেছেন, আসন্ন শান্তি আলোচনায় ইরান ইউরেনিয়াম মজুত নিয়ে যে সিদ্ধান্তই নিক না কেন, রাশিয়া তার প্রতি সমর্থন জানাবে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কেএইচটি