পাকিস্তানের মধ্যস্ততায় দ্বিতীয় দফায় আলোচনার মধ্যেই ইরানের ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
তিনি বলেছেন, তেহরান কী কী সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে হেগসেথ এই মন্তব্য করেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা ইরানের নতুন শাসকগোষ্ঠীকে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে যেন তারা 'বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেন'।
তিনি সর্তক করে বলেন, মার্কিন সামরিক বাহিনী 'অস্ত্রে সজ্জিত' এবং ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে প্রস্তুত। হেগসেথ বলেন, যদি ইরান ভুল সিদ্ধান্ত নেয়, তবে তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানির ওপর অবরোধ ও বোমা বর্ষণ করা হবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমরা ইরানের সামরিক নেতৃত্বের প্রতি একটি বার্তা দিয়ে শুরু করব। আমরা আপনাদের ওপর নজর রাখছি। আমাদের সামরিক বাহিনী এবং আপনাদের সামরিক বাহিনীর সক্ষমতা এক নয়। মনে রাখবেন, এটি কোনো ন্যায্য লড়াই নয়। আমরা জানি আপনারা কোন সামরিক সরঞ্জামগুলো কোথায় সরাচ্ছেন, যখন আপনারা খননকাজ চালাচ্ছেন, যা আপনারা ঠিক তাই করছেন। বোমায় বিধ্বস্ত ও ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলো থেকে খনন করে বের হচ্ছেন।
হেগসেথ আরও বলেন, আমরা কেবল আরও শক্তিশালী হচ্ছি। আপনারা আপনাদের অবশিষ্ট উৎক্ষেপক ও ক্ষেপণাস্ত্রগুলো মাটি খুঁড়ে বের করছেন, কিন্তু সেগুলো প্রতিস্থাপন করার কোনো ক্ষমতা আপনাদের নেই। আপনাদের কোনো প্রতিরক্ষা শিল্প নেই, আপনাদের আক্রমণাত্মক বা প্রতিরক্ষামূলক সক্ষমতা পুনরায় পূরণ করার কোনো ক্ষমতাও নেই। আপনাদের যা আছে, শুধু তাই-ই আপনাদের সম্বল। আপনারা তা জানেন। আমরা জানি যে আপনারা জিনিসপত্র এদিক-ওদিক সরাতে পারেন, কিন্তু আপনারা আসলে পুনর্গঠন করতে পারবেন না। আপনারা আপাতত মাটি খুঁড়তে পারেন, কিন্তু পুনর্গঠন করতে পারবেন না। কিন্তু আমরা পারি।
ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, ইরানের ওপর হামলার মাধ্যমে তারা শাসকগোষ্ঠীর পরিবর্তন সাধন করেছে, যদিও বিশ্লেষকরা মনে করেন, এই যুদ্ধ হয়তো ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসসহ কট্টরপন্থী শক্তিগুলোর অভ্যন্তরীণ প্রভাবই কেবল বাড়িয়েছে। এদিকে দ্বিতীয় দফায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা এগিয়ে মধ্যপ্রাচ্যে সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি আরবের পর তিনি দ্বিতীয় পর্বে তিনি কাতারের দোহায় গেছেন।
সূত্র: আলজাজিরা,ফক্স নিউজ।
বিডি প্রতিদিন/আরকে