মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে পাকিস্তানের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার। মেরিন ট্রাফিক থেকে প্রাপ্ত তথ্যের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘শালামার’ নামক এই জাহাজটি বৃহস্পতিবার পারস্য উপসাগর থেকে বের হয়ে আসে।
মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলপথে বর্তমানে যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি বন্দরগুলোর ওপর পূর্ণমাত্রায় অবরোধ চলছে, তখন পাকিস্তানি জাহাজের এই যাত্রা বিরল এক ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।
নৌযান চলাচলের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সমুদ্রপথে যাত্রার সময় বেশ কয়েকবার নিজেদের ট্রান্সপন্ডার বা অবস্থান জানানোর যন্ত্রটি বন্ধ করে রেখেছিল জাহাজটি। তবে এটি কোনো নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ নয় বলে নিশ্চিত করা হয়েছে। একটি শিপিং সূত্র সিএনএন-কে জানিয়েছে, জাহাজটি বর্তমানে আংশিক লোড অবস্থায় রয়েছে এবং এতে প্রায় ৪ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। আগামী ১৯ এপ্রিল করাচি বন্দরে তেল খালাসের লক্ষ্যে এটি এখন পাকিস্তানের দিকে অগ্রসর হচ্ছে।
পাকিস্তানের একটি উচ্চপদস্থ শিপিং সূত্র এই অভিযানের বিষয়ে নিশ্চিত করে জানিয়েছে যে, এর আগেও ইরানি অবরোধের সময় এই জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। সূত্রটির দাবি, ‘শালামার’ যে এই জলপথ দিয়ে যাচ্ছে তা ইরান এবং আমেরিকা—উভয়পক্ষই অবগত ছিল। মূলত নিরাপত্তা নিশ্চিত করতেই মাঝপথে ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল। তবে করাচি পৌঁছানোর আগে মাঝসমুদ্রে মার্কিন নৌবাহিনী জাহাজটিকে আটকাবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
উল্লেখ্য, গত বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জানিয়েছিলেন, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়েছে। গত ৭২ ঘণ্টার অভিযানে এখন পর্যন্ত মোট ১৪টি জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশ মেনে ফিরে যেতে বাধ্য হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তানি পতাকাবাহী জাহাজের এই যাত্রা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কেএইচটি