যুদ্ধবিরতি-পরবর্তী পরিস্থিতিতে লেবাননের পাশে থাকার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছে পর্তুগাল। সম্প্রতি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজ্জি এবং পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঙ্গেলের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে লেবাননের বর্তমান পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঙ্গেল লেবাননের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং একতার প্রতি তার দেশের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেন। সাম্প্রতিক যুদ্ধবিরতির পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, লেবানন বর্তমানে যে আলোচনার পথ বেছে নিয়েছে, তা একটি ‘টেকসই ও ব্যাপকভিত্তিক সমাধানে’ পৌঁছানোর প্রকৃত সুযোগ। এই প্রক্রিয়ার মাধ্যমেই দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
যুদ্ধবিধ্বস্ত লেবাননের স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক পর্যায়ে পর্তুগাল তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও বৈঠকে জানানো হয়।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/কেএইচটি