ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। বাহিনীটির দাবি, ওয়াশিংটন যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ সরায়নি।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, কয়েকটি জাহাজ প্রণালি অতিক্রম করলেও যুক্তরাষ্ট্র এখনো তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। তাই হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া যেকোনো নৌযানকে ‘শত্রুর সহযোগী’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কড়া বার্তা দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান ওয়াশিংটনকে চাপ দিতে পারবে না। তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শর্তাধীন সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে।
তবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছিলেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রয়েছে।
অন্যদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, একটি অভিন্ন কাঠামোতে দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা শুরু হবে না।
এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবগুলো তারা পর্যালোচনা করছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/এম.এস