দক্ষিণ লেবাননে পৃথক দুইটি বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে আরও অন্তত নয়জন সেনা আহত হয়েছে যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সর্বশেষ ঘটনাটি ঘটেছে শনিবার।
আইডিএফ জানিয়েছে, তাদের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট দক্ষিণ লেবাননে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় কাজ করার সময় একটি সামরিক যান পুঁতে রাখা বিস্ফোরকের ওপর উঠে যায়। এতে তীব্র বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) লিডোর পোরাত (৩১)। তিনি আশদোদ এলাকার বাসিন্দা এবং ৭৬৯তম ‘হিরাম’ আঞ্চলিক ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বিস্ফোরকটি হিজবুল্লাহ পুঁতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের সময় আশপাশে অবস্থান করা সেনারাও আহত হন। আহতদের মধ্যে একজন গুরুতর, চারজন মাঝারি এবং চারজন সামান্য আহত হয়েছেন। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় এবং তাদের পরিবারকে জানানো হয়েছে।
এর একদিন আগে শুক্রবার, একই এলাকায় আরেকটি বিস্ফোরণে ওয়ারেন্ট অফিসার (রিজার্ভ) বারাক কালফোন (৪৮) নিহত হন। তিনি ২২৬তম রিজার্ভ প্যারাট্রুপার ব্রিগেডের ৭০৫৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। দক্ষিণ লেবাননের জেব্বাইন গ্রামে একটি ভবনে অস্ত্রের উপস্থিতি আছে কি না তা তল্লাশির সময় বিস্ফোরণটি ঘটে। উল্লেখযোগ্যভাবে, ওই ঘটনার মধ্যরাত থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়।
বিডিপ্রতিদিন/কেকে