ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে আজ পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উচ্চপদস্থ একটি প্রতিনিধিদল। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পাকিস্তান সফরে যাওয়া এই প্রতিনিধিদলে থাকছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী কয়েকজন ব্যক্তিত্ব, যারা মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ ভূমিকা রাখছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একসময় ইরান যুদ্ধের কড়া সমালোচক থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য দেখিয়েছেন। প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করার পেছনে ভ্যান্সের বড় ভূমিকা ছিল। এ ছাড়া ইসরায়েল ও লেবাননের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতেও তিনি কাজ করেছেন। বিশেষ সূত্রে জানা গেছে, ইরানের প্রতিনিধিরা মার্কিন অন্য কর্মকর্তাদের তুলনায় ভ্যান্সের সঙ্গেই আলোচনায় বসতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আবাসন ব্যবসায়ী ও ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফ। তিনি এর আগে জ্যারেড কুশনারের সঙ্গে মিলে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে সমঝোতা করেছিলেন এবং ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন। এ ছাড়া প্রতিনিধিদলে থাকছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক অভিজ্ঞ আলোচক জ্যারেড কুশনার। ট্রাম্পের প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বড় ভূমিকা রাখা কুশনার এই অঞ্চলের আরব নেতাদের সঙ্গে অত্যন্ত গভীর ও ব্যক্তিগত সম্পর্ক বজায় রেখে চলেছেন, যা এই শান্তি আলোচনার ক্ষেত্রে বড় সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তান পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ইরানের প্রতিনিধিদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কেএইচটি