নিজেদের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করে গঠনমূলক আলোচনায় বসতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। তিনি বলেছেন, তেহরানের উচিত তাদের নিজেদের জনগণের স্বার্থে এই সুযোগটি কাজে লাগানো।
ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে জোহান ওয়াডেফুল বলেন, ‘আমরা জানি যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদ যেতে প্রস্তুত। এখন ইরানের উচিত তাদের নিজেদের মানুষের মঙ্গলের কথা ভেবে এই প্রস্তাবটি গ্রহণ করা।’
উল্লেখ্য-ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে আজ পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উচ্চপদস্থ একটি প্রতিনিধিদল।
পাকিস্তান পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ইরানের প্রতিনিধিদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুমকির মুখে তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয়। বরং আবার যদি যুদ্ধ শুরু হয়, তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বিএম