আরব্য সাগরে বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে মাঝ সমুদ্রে আটকা পড়া একটি ভারতীয় পণ্যবাহী জাহাজের ক্রুদের উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। ওমান থেকে ভারত যাওয়ার পথে এমভি গৌতম নামক জাহাজটির পাওয়ার জেনারেটর বিকল হয়ে গেলে এই বিপত্তি ঘটে।
জাহাজটিতে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাগরিকসহ মোট সাতজন ক্রু ছিলেন। মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার থেকে জরুরি বার্তা পাওয়ার পর ইসলামাবাদ দ্রুত সাড়া দেয় এবং পিএমএসএস কাশ্মীর নামক একটি যুদ্ধজাহাজকে উদ্ধার অভিযানে মোতায়েন করে।
পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির সহায়তায় পরিচালিত এই অভিযানে ক্রুদের জন্য খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় জরুরি কারিগরি সহায়তা প্রদান করা হয়।
ভারতীয় সূত্রগুলো নিশ্চিত করেছে, গত ৩ মে জেনারেটর বিকল হওয়ার পর জাহাজটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং পাকিস্তান ও ভারতের সমুদ্রসীমার মধ্যবর্তী অঞ্চলে ভাসতে থাকে। ৪ মে রাতে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘রাজরতন’ ঘটনাস্থলে পৌঁছে যোগাযোগ স্থাপন করে। দেখা যায়, জাহাজটির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সীমিত হয়ে পড়েছে এবং জেনারেটরটি মেরামতের অযোগ্য অবস্থায় আছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/এনএইচ