পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই রাজ্য প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু করেছেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়েই তিনি ১০ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছেন, যার মধ্যে ৯ জনকেই নিয়ে আসা হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে।
তবে এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম হলো সুরজিৎ রায়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। নির্বাচনের আগে মমতা ব্যানার্জি এই কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রবল আপত্তি তুলেছিলেন এবং তাঁকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন।
মমতার অভিযোগ ছিল, সুরজিৎ রায় যখন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিডিও হিসেবে কর্মরত ছিলেন, সেই সময়েই শুভেন্দু অধিকারী তাঁকে পরাজিত করেছিলেন। নির্বাচন কমিশন সে সময় মমতার আপত্তি নাকচ করে দিলেও, ক্ষমতায় বসেই শুভেন্দু সেই বিতর্কিত কর্মকর্তাকে নিজের দপ্তরে টেনে নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিলেন।
প্রশাসনিক এই পরিবর্তনের পাশাপাশি শুভেন্দু অধিকারী তাঁর ব্যক্তিগত টিমেও রদবদল ঘটিয়েছেন। সম্প্রতি খুন হওয়া তাঁর ছায়াসঙ্গী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের শূন্য পদে শান্তনু বালাকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি এবারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া তদারকির দায়িত্বে ছিলেন। শুভেন্দুর এমন তড়িৎ সিদ্ধান্তকে তাঁর প্রশাসনিক নিয়ন্ত্রণ মজবুত করার কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে আজ সোমবার উত্তর চব্বিশ পরগনার বারাসাত আদালতে হাজির করেছে। ধৃতদের মধ্যে রাজ সিংকে উত্তর প্রদেশের বালিয়া থেকে এবং মায়াঙ্ক রাজ মিশ্র ও ভিকি মুর্জকে বিহারের বক্সার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গত ৬ মে মধ্যমগ্রামে চন্দ্রনাথকে গুলি করার পর ঘাতকরা ঝাড়খন্ডের নম্বরপ্লেট যুক্ত একটি গাড়ি ঘটনাস্থলে ফেলে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। যদিও ব্যবহৃত যানবাহনগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে মূল শুটাররা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। রাজ্য পুলিশের গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট এখন ভিনরাজ্যের এই চক্রটির শিকড় সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এনএইচ