ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় এবার ওয়াশিংটনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
সোমবার হুথির মিডিয়া অফিসের উপ-প্রধান নাসরুদ্দিন আমের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় এই সতর্কতা সংকেত দেন। তিনি সাফ জানিয়েছেন, শুরু থেকেই মার্কিন উসকানি ও একগুঁয়েমি দেখে এটি স্পষ্ট ছিল যে তারা ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। ফলে এর পরবর্তী ফল যে কোনো মাত্রায় বা যে কোনো রূপেই আসুক না কেন, তার দায়ভার সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।
নাসরুদ্দিন আমের তার বক্তব্যে আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার পরপরই ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, ট্রাম্প সত্যকে মেনে নিতে পারেন না বলেই বারবার ইরানের কাছে পরাজিত হচ্ছেন।
রবিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের এই পাল্টা প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়।
আইআরআইবি-র প্রতিবেদন অনুযায়ী, তেহরান তাদের প্রস্তাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জোরালো দাবি জানিয়েছে। একইসাথে বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা এবং হরমুজ প্রণালিতে তেহরানের সার্বভৌমত্বের স্বীকৃতির বিষয়টিও এই প্রস্তাবে গুরুত্ব পেয়েছে।
অন্যদিকে, ইরানের এই আনুষ্ঠানিক জবাবকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন গণমাধ্যম এক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, ইরানের প্রস্তাব নিয়ে তিনি নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন। তবে তেহরান তাদের অবস্থানে অনড় রয়েছে। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তাদের এই প্রস্তাবটি মূলত ইরানি জাতির মৌলিক অধিকারের প্রতিফলন।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/এনএইচ