যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস উপশহর আর্কেডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং চীনের অবৈধ প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ২০২০ সালের শেষ দিক থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি চীনের পক্ষে কার্যক্রম পরিচালনা করেছেন।
মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওয়াং যুক্তরাষ্ট্র সরকারকে না জানিয়েই চীনের পক্ষে প্রচারণা চালান এবং বেইজিংপন্থী বিভিন্ন বক্তব্য প্রচার করেন। এ ঘটনায় বিদেশি সরকারের অবৈধ প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগে তিনি দোষ স্বীকারে সম্মত হয়েছেন।
৫৮ বছর বয়সী ওয়াং ‘যুক্তরাষ্ট্র সংবাদ কেন্দ্র’ নামে একটি ওয়েবসাইট পরিচালনা করতেন। চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্য সংবাদ পরিবেশনের দাবি করা হলেও সেখানে নিয়মিত চীনসমর্থক লেখা প্রকাশ করা হতো বলে অভিযোগ রয়েছে।
মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ইয়াওনিং সানের সঙ্গে মিলে এসব কর্মকাণ্ড পরিচালনা করতেন ওয়াং। একই অভিযোগে গত বছরের অক্টোবরে দোষ স্বীকার করে চার বছরের কারাদণ্ড পান সান।
অভিযোগে আরও বলা হয়, ওয়াং এমন একটি প্রবন্ধ পুনঃপ্রকাশ করেছিলেন, যা চীনা কর্মকর্তাদের লেখা। সেখানে শিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার করা হয়।
ঘটনার পর সোমবার মেয়রের পদ থেকে পদত্যাগ করেন ওয়াং। আর্কেডিয়া সিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ অভিযোগে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
ওয়াংয়ের আইনজীবীরা বলেছেন, ব্যক্তিগত জীবনের ভুলের জন্য তিনি ক্ষমা চাইতে চান। তবে তাঁদের দাবি, এসব কর্মকাণ্ড জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
মার্কিন জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন অ্যান্ড্রু আইজেনবার্গ বলেন, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের কেবল মার্কিন জনগণের স্বার্থেই কাজ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘চীনা সরকারের নির্দেশনা গ্রহণ ও বাস্তবায়নের সম্পর্ক গোপন রেখে কোনো জনপ্রতিনিধির জনআস্থার অবস্থানে থাকা অত্যন্ত উদ্বেগজনক।’
এদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এ ঘটনা সামনে এলো এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। বৈঠকে ইরান যুদ্ধ, বাণিজ্য ও তাইওয়ান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস