ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় টানা জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে আজ সোমবার রাত সোয়া নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ইডি সূত্র জানায়, সকাল সাড়ে দশটার দিকে ছেলে ও আইনজীবীকে নিয়ে ইডির দপ্তরে হাজির হন সুজিত বসু। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তিনি কোনো সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন বলে অভিযোগ করেছেন তদন্তকারীরা। এরপরই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। শারীরিক পরীক্ষার পর আজ মঙ্গলবার তাকে ইডির বিশেষ আদালতে তোলার কথা রয়েছে।
কলকাতার লেকটাউন এলাকার প্রভাবশালী এই তৃণমূল নেতা দক্ষিণ দমদম পৌরসভার সাবেক উপ-পৌরপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে অর্থের বিনিময়ে কর্মী নিয়োগে বড় ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এই মামলার তদন্তে আগেই তার বাসভবন, কার্যালয় ও রেস্তোরাঁয় তল্লাশি চালিয়েছিল ইডি।
এর আগে, চলতি বছরের বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে ভোটপর্ব চলাকালীন একাধিকবার হাজিরার নোটিশ পেয়েছিলেন তিনি। ভোটপর্ব শেষ হলে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১ মে প্রথম দফায় ইডির মুখোমুখি হন সুজিত বসু। তখন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও সোমবার দ্বিতীয় দফায় হাজিরা দিতে গিয়ে আর ফিরতে পারলেন না।
বিডি-প্রতিদিন/শআ