কলম্বিয়ায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে উত্তেজনার মধ্যেই ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলার দুই নির্বাচনী প্রচারকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেটা প্রদেশে শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। শনিবার দে লা এসপ্রিয়েলার রাজনৈতিক দল ‘ডিফেন্ডার্স অব দ্য হোমল্যান্ড’ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, নিহতরা হলেন কুবারাল এলাকার সাবেক মেয়র রজার্স মাউরিসিও ডেভিয়া এবং ফ্যাবিয়ান কার্ডোনা। তারা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহারের জন্য ভিলাভিসেনসিও শহর থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন।
পথিমধ্যে কুবারাল এলাকার একটি গ্রামীণ সড়কে চারজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিহত ডেভিয়া স্থানীয়ভাবে আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে কার্ডোনা ছিলেন প্রচারণার লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্বে।
ঘটনার পর এক ভিডিও বার্তায় গভীর শোক প্রকাশ করে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বলেন, “আমার সহকর্মীদের কাপুরুষের মতো ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।” তিনি এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।
যদিও এখন পর্যন্ত কলম্বিয়ার প্রশাসন কোনো সশস্ত্র গোষ্ঠীকে এ হামলার জন্য আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি, তবে দে লা এসপ্রিয়েলা প্রমাণ ছাড়াই সাবেক বামপন্থী গেরিলা সংগঠন ‘ফার্ক’-এর একটি ভিন্নমতাবলম্বী অংশকে দায়ী করেছেন।
আগামী ৩১ মে কলম্বিয়ায় প্রথম দফার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক জনমত জরিপে বামপন্থী প্রার্থী ইভান সেপেদার পরেই অবস্থান করছেন দে লা এসপ্রিয়েলা। নির্বাচনী প্রচারণায় তিনি অপরাধী চক্র, মাদক পাচারকারী ও গেরিলা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় রয়েছেন।
সূত্র : রয়টার্স
বিবিডি-প্রতিদিন/টিএ