পশ্চিমবঙ্গ সরকার অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কঠোর অবস্থান নেওয়ার পর এবার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের খাদ্য, খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া।
রবিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর ছয়ঘড়িয়া পঞ্চায়েতের কালিয়ানী সীমান্ত এলাকায় কাঁটাতারবিহীন অংশ পরিদর্শন করেন তিনি। পরে তিনি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কালিয়ানী বর্ডার আউটপোস্টে (বিওপি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন।
গত ১১ মে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে।
সীমান্ত পরিদর্শন শেষে মন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে। দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণে ব্যক্তিগত জমির মালিকদের ক্ষতিপূরণ নিয়ে কোনো সমস্যা নেই। উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসক শিল্পা গৌরীসারিয়ার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। বসিরহাট ছাড়া অন্য কোথাও জমি নিয়ে জটিলতা নেই। বসিরহাট মহকুমার তিনটি মৌজায় কিছু সমস্যা রয়েছে।
মন্ত্রী জানান, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, ব্লক উন্নয়ন কর্মকর্তা, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি এবং জনপ্রতিনিধিদের নিয়ে স্থানীয় মানুষকে বোঝানোর কাজ চলবে। সমস্যা সমাধান না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিডি প্রতিদিন/এনআরএইচ