স্পেনের বার্সেলোনায় ছুটি কাটাতে গিয়ে এক যৌনকর্মীকে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে কানাডার টরন্টো পুলিশের তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। কাতালোনিয়া অঞ্চলের স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃত এই তিন কর্মকর্তা ঘটনার সময় ডিউটিতে ছিলেন না বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম এল পিরিওডিক ডে কাতালুনিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩মে ভোরে বার্সেলোনার চিউতাত ভেলা এলাকায় একটি ট্যাক্সির ভেতর এই ঘটনা ঘটে। তিন পুলিশ কর্মকর্তা ওই ট্যাক্সিতে এক যৌনকর্মীর সাথে ভ্রমণ করছিলেন। একপর্যায়ে তারা ওই নারীকে একসাথে শারীরিক সম্পর্কের জন্য জোর খাটান। নারীটি এতে অস্বীকৃতি জানালে তারা সহিংস হয়ে ওঠেন এবং তাকে গালিগালাজ, হুমকি ও মারধর করতে শুরু করেন।
অভিযোগে বলা হয়েছে, ট্যাক্সির পেছনের আসনে থাকা এক কর্মকর্তা ওই নারীকে যৌন নিপীড়ন করেন এবং অন্য একজন তার মুখে ঘুষি মারেন। এতে ওই নারীর ভ্রুর ওপরে কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সেখানে সেলাই দিতে হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মুখে আক্রান্ত নারী ট্যাক্সির জানালা দিয়ে চিৎকার করে বাঁচানোর আকুতি জানাতে থাকেন।
চিৎকার শুনে বার্সেলোনার সাদা পোশাকের পুলিশ ট্যাক্সিটি থামায় এবং ভেতরে থাকা সবাইকে নামার নির্দেশ দেয়। এ সময় কানাডিয়ান পুলিশ কর্মকর্তাদের একজন সহিংস আচরণ শুরু করেন এবং অপর একজন, যিনি ওই নারীকে আঘাত করেছিলেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কাতালান পুলিশ ‘মোসোস দ’এসকুয়াদ্রা’র একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও হামলার অভিযোগ আনা হয়েছে এবং অন্যজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া তৃতীয় কর্মকর্তাকে গত ১৫ মে সকালে স্পেনের পাম্মা দে মায়োর্কা দ্বীপ থেকে সিভিল গার্ডের সহযোগিতায় গ্রেফতার করা হয়।
বার্সেলোনার স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশের পর বিষয়টি কানাডিয়ান মিডিয়ার নজরে আসে। গত ১৮ মে টরন্টো পুলিশ সার্ভিস এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও, কেন তারা আগে থেকে স্বপ্রণোদিত হয়ে এই তথ্য প্রকাশ করেনি, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। টরন্টো পুলিশের একজন মুখপাত্র এই অভিযোগগুলোকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছেন। তবে আদালতে মামলাটি বিচারাধীন থাকায় তারা কর্মকর্তাদের নাম প্রকাশ করতে বা এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে টরন্টো পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, ঘটনাটি যেহেতু দায়িত্বের বাইরে ব্যক্তিগত ছুটির সময়ে ঘটেছে, তাই এ বিষয়ে তাদের নতুন কোনো মন্তব্য নেই।
কানাডার বৃহত্তম এই পুলিশ বাহিনীটি এমনিতেই সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তীব্র জনরোষ এবং ভাবমূর্তি সংকটের মুখোমুখি রয়েছে। গত কয়েক মাসে 'প্রজেক্ট সাউথ' নামক একটি বড় তদন্তের আওতায় এই বাহিনীর অন্তত আটজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মাদক পাচারকারীদের সহায়তা, অপরাধীদের কাছে তথ্য পাচার এবং কারারক্ষীকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে স্পেনে গ্রেফতার হওয়া এই তিন কর্মকর্তার সাথে ওই দুর্নীতি তদন্তের কোনো সরাসরি সম্পর্ক এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/এনএইচ