যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে আলোচনায় সহায়তা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে রাশিয়া। তবে মস্কো স্পষ্ট করেছে, তারা নিজেদের ভূমিকা কোনও পক্ষের ওপর চাপিয়ে দিতে চায় না।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
তিনি বলেন, “রাশিয়া এই সংঘাতের সমাধানে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। সংশ্লিষ্ট পক্ষগুলো আমাদের অবস্থান সম্পর্কে অবগত। তবে আমরা কখনও আমাদের সেবা চাপিয়ে দিইনি এবং ভবিষ্যতেও তা করব না। কিন্তু উপযুক্ত অনুরোধ এলে আমরা সহায়তার হাত বাড়িয়ে দেব।”
রিয়াবকভ জোর দিয়ে বলেন, মস্কো সবসময়ই রাজনৈতিক ও কূটনৈতিক পথেই সংকটের সমাধান চেয়েছে এবং এখনও সেই অবস্থানে অটল রয়েছে।
তিনি আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনার উদ্যোগকে রাশিয়া স্বাগত জানায়। একই সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল করা এবং দীর্ঘমেয়াদি শান্তির পরিবেশ তৈরিতে পাকিস্তানের সক্রিয় ভূমিকাকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় রাশিয়া নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করতে চাইছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা সফল হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, মস্কোর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন আন্তর্জাতিক মহলে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা চলছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ