দলের প্রশিক্ষণ শিবিরে নির্ধারিত সময়ের চেয়ে মাত্র দুই মিনিট দেরিতে পৌঁছেছিলেন ভারতের কংগ্রেস দলনেতা রাহুল গান্ধী। আর তার শাস্তি হিসেবে তাকে সবার সামনে ১০টি পুশ-আপ করতে হয়েছে। গতকাল মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে জেলা সভাপতিদের প্রশিক্ষণ শিবিরে দেরিতে পৌঁছানোর জন্য এই লঘু শাস্তি দেওয়া হয় রাহুল গান্ধীকে। দলীয় সূত্র জানায়, কংগ্রেসের এই শিবিরে কঠোর শৃঙ্খলা বজায় রাখা হয়। সে অনুযায়ী শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে সময়ানুবর্তিতা সম্পর্কে উৎসাহিত করার জন্য এই প্রতীকী শাস্তির ব্যবস্থা করা হয়। জানা গেছে, এই মুহূর্তে বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত রাহুল গান্ধী। স্বাভাবিক কারণেই মধ্যপ্রদেশের পাঁচমাড়ির প্রশিক্ষণ শিবিরে পৌঁছাতে তার সামান্য দেরি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশিক্ষণ শিবিরের সন্ধ্যার অধিবেশনে মাত্র দুই মিনিট দেরিতে পৌঁছান উত্তর প্রদেশের রায়বরেলির এই কংগ্রেস সংসদ সদস্য। এ সময় দলীয় প্রশিক্ষণ বিভাগের প্রধান শচীন রাও মজার ছলে উপস্থিতদের মনে করিয়ে দেন যে, দেরিতে আসা ব্যক্তিদের ‘শাস্তি’র নিয়ম রয়েছে। রাহুল গান্ধী তখন জিজ্ঞেস করেন, শাস্তির বিধান কী? জবাবে রাও বলেন, ১০টি ‘পুশ-আপ’ বাধ্যতামূলক। রাহুল তৎক্ষণাৎ তা মেনে নেন। এ সময় রাহুলের পরনে ছিল ট্রাউজার এবং সাদা টি-শার্ট। ওই অবস্থায়ই নিজের আসন গ্রহণের আগে তিনি সবার সামনে ১০টি ‘পুশ-আপ’ করেন।
রাহুলের এমন কর্মকাণ্ডের পর করতালিতে অভিনন্দন জানান অংশগ্রহণকারীরা। শুধু তাই নয়, গোটা ঘটনাটি বাকি অধিবেশনের জন্য একটা হালকা ছন্দও তৈরি করে।
পরে রাহুল গান্ধী নতুন জেলা সভাপতিদের উদ্দেশে ভাষণ দেন এবং সাংগঠনিক লক্ষ্য এবং প্রশিক্ষণ কৌশল নিয়ে আলোচনা করেন। কংগ্রেসের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে ওই অনুষ্ঠানে দলীয় স্তরে শৃঙ্খলা ও জবাবদিহির ওপরও জোর দেওয়া হয়।