যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিস্টলের একটি জাদুঘর থেকে ছয় শতাধিক শিল্পকর্ম চুরি হওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ব্রিস্টল পুলিশের বরাত দিয়ে এ ঘটনা প্রকাশ করে সংবাদ সংস্থা এএফপি। চুরি হওয়া এসব শিল্পকর্ম যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। এ ঘটনায় বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে চার সন্দেহভাজন ব্যক্তির ছবি, যাদের পরিচয় শনাক্ত করেছেন তদন্তকারীরা। যদিও চুরির ঘটনা ঘটে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। ব্রিস্টল নগর কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে মেডেল, ব্যাজ, পিন, নেকলেস, চুড়ি, আংটি, হাতির দাঁতে খোদাই করা নানান নকশা, রুপা ও ব্রোঞ্জের ভাস্কর্য, গৃহসজ্জার সামগ্রী থেকে শুরু করে ভূতাত্ত্বিক নমুনাও রয়েছে।
তিনি আরও বলেন, এই শিল্পকর্মগুলো শুধু ব্রিটেন নয়, বিশ্বের নানান অঞ্চলের ইতিহাস বহন করে। ব্রিটিশ সাম্রাজ্যের দুই শত বছরের উত্থান, এতে যারা ভূমিকা রেখেছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন-সবকিছুর অমূল্য দলিল ছিল এই সংগ্রহ। তদন্ত কর্মকর্তা ও ব্রিস্টল পুলিশের জ্যেষ্ঠ কনস্টেবল ড্যান বার্গান জানান, এটি শহরের জন্য অপরিমেয় ক্ষতি। অধিকাংশ চুরি হওয়া শিল্পকর্ম ছিল দান করা, বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যের সময় বিভিন্ন দেশের অভিজাতদের পাঠানো উপহার। -এএফপি
তিনি আরও বলেন, চার সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের ছবি জনসাধারণের সামনে প্রকাশ করা হয়েছে। জনগণের সহায়তায় দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।