মরক্কোর আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অনেকে। দেশটির উপকূলীয় শহর সাফিতে রবিবার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এ হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে অবস্থিত সাফির রাস্তাঘাট কাদা পানিতে ভরপুর।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক পুরোনো শহরটিতে কমপক্ষে ৭০টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। আটলান্টিক উপকূলের বন্দর শহর থেকে আসা-যাওয়া করা বিভিন্ন রুটে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের মতে, মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণে সাফি শহরের চিত্র পাল্টে দিয়েছে। এদিকে দেশটির আবহাওয়া অফিস মঙ্গলবার সারা দেশে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সাত বছর ধরে ভয়াবহ খরার সঙ্গে লড়াই করা মরক্কোতে আকস্মিক ভারী বৃষ্টিপাতে বন্যা অস্বাভাবিক নয়।
এটি জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ, যেখানে শুষ্ক ও রুক্ষ মাটির কারণে হঠাৎ আসা অল্প বৃষ্টিও দ্রুত বন্যার কারণ হচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়।-মরক্কো ওয়ার্ল্ড নিউজ