ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটিই শিশু। চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত তাঁবুতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এ ছাড়া গাজা সিটির জেইতুন এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও চারজন। একই সঙ্গে মধ্য গাজার বুরেইজ ও নুসাইরাত এলাকাতেও বোমা হামলা চালানো হয়েছে। পৃথকভাবে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি গুলিতে হামসা হুসু নামের ১১ বছর বয়সি এক কন্যাশিশু নিহত হয়েছে। তার চাচা খামিস হুসু জানান, পরিবারের সদস্যদের চিৎকার শুনে ঘুম ভাঙে তার। তিনি বলেন, ‘আমি দেখি হামসা মেঝেতে পড়ে আছে, তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।’ অন্যদিকে গতকাল সকালে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, একটি ‘ব্যর্থ রকেট’ উৎক্ষেপণের জবাবে তারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ‘হামাস সন্ত্রাসী এবং তাদের অবকাঠামোতে সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘গাজা উপত্যকা থেকে রকেট উৎক্ষেপণ যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।’ -আলজাজিরা