অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ দাবানলে ঘরবাড়ি ও সম্পদ হারানো বা তার চেয়েও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। শুক্রবার দেশটিতে চরম তাপপ্রবাহ বা ‘হিটওয়েভ’ শুরু হওয়ায় এ সতর্কতা জারি করা হয়। ভিক্টোরিয়ার কান্ট্রি ফায়ার অথোরিটি (সিএফএ)-এর প্রধান কর্মকর্তা জেসন হেফারম্যান এবিসি নিউজকে বলেন, ‘ভিক্টোরিয়াবাসীকে আরও সম্পদহানি বা তার চেয়েও খারাপ পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখা উচিত।’ তিনি আরও বলেন, ‘শুক্রবার পরিস্থিতি চরম ছিল, গতকালও বিপর্যয়কর ছিল।’ দাবানলে এরই মধ্যে বহু বাড়িঘর পুড়ে গেছে। নিখোঁজ হয়েছেন তিনজন। সামনে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন দমকলকর্মীরা।
গতকাল দেশটির বেশির ভাগ রাজ্য ও অঞ্চলে তাপমাত্রা রেকর্ড উচ্চ থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। বিশেষ করে ভিক্টোরিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় দমকা বাতাস এবং গরমের কারণে আগুন বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়তে পারে। ভিক্টোরিয়ার কেন্দ্রস্থলে লংউড এলাকায় দাবানলে ইতোমধ্যে ৩৬ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। রাফি নামের একটি ছোট শহরে অন্তত ২০টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। রাফি সিএফএ-এর ক্যাপ্টেন জর্জ নোয়ে বলেন, ‘শহরের প্রধান রাস্তাটি দেখে মনে হচ্ছে যেন কোনো বোমা বিস্ফোরিত হয়েছে। আমরা একটি স্কুল হারিয়েছি।’ তিনি আরও বলেন, মানুষ তাদের জীবিকা, গবাদি পশু ও সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। ভিক্টোরিয়া পুলিশের ডেপুটি কমিশনার বব হিল জানিয়েছেন, লংউড এলাকায় দুজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ গতকাল তাদের বাড়িতে গিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছিল, কারণ তখন এলাকা ছেড়ে যাওয়ার সময় পার হয়ে গিয়েছিল। পরে দমকলকর্মীরা ফিরে এসে দেখেন বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ওই তিনজনের হদিস পাওয়া যায়নি। মেলবোর্নের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে এবং উত্তর-পশ্চিম ভিক্টোরিয়ার কিছু অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাসহ অন্যান্য অঞ্চলেও গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো আগুনের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। -রয়টার্স