গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বশান্তি বর্তমানে ঝুঁকিতে আছে। গতকাল বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ আটটি দেশকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। গ্রিনল্যান্ডের পূর্ণাঙ্গ মালিকানা হস্তান্তর অথবা পুরোপুরি বিক্রিতে যদি ইউরোপীয় মিত্ররা একমত না হয় তাহলে আগামী জুন থেকে ওই শুল্ক বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে। শুল্ক আরোপের এই হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, বিশ্বশান্তি ঝুঁকিতে রয়েছে। কারণ চীন ও রাশিয়া ‘গ্রিনল্যান্ড চায়’। তিনি বলেন, কেবল যুক্তরাষ্ট্রই এই খেলা খেলতে পারে। নতুন ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষাব্যবস্থার ‘সর্বোচ্চ সক্ষমতা ও কার্যকারিতায়’ চালানোর জন্য দ্বীপটির নিয়ন্ত্রণ তাঁর প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বিবিসির অর্থনীতিবিষয়ক সম্পাদক বলেছেন, ট্রাম্পের এই হুমকি নজিরবিহীন ও বাস্তবতাবিবর্জিত। এতে আটটি দেশের কর্মকর্তারাই বিভ্রান্ত হয়ে পড়েছেন।
এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে করা বিতর্কিত দাবির পর গ্রিনল্যান্ডের রাজধানী নুকে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। সূত্র : রয়টার্স