প্রেমের জন্য যে দেয়াল, শিকল কিংবা কারাগার কোনোটাই শেষ কথা নয়, তারই এক বিস্ময়কর উদাহরণ দেখা গেল ভারতে। রাজস্থানের আলওয়ারে কারাগারের ভিতরে গড়ে ওঠা এক সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে রূপ নিলো। এ বিয়ের বর-কনে দুজনই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি।
রাজস্থান হাই কোর্ট বিয়ের আয়োজনের জন্য তাদের ১৫ দিনের জরুরি প্যারোলে মুক্তি দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুই আসামি প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ এবং হনুমান প্রসাদ আলওয়ার জেলার বারোদামেভে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। প্রিয়া শেঠের অপরাধকাহিনি দেশজুড়ে আলোচিত। ২০১৮ সালে টিন্ডার অ্যাপে পরিচয়ের মাধ্যমে দুষ্যন্ত শর্মা নামে এক যুবককে প্রেমের ফাঁদে ফেলেন তিনি। পরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করা হয়। দুষ্যন্তের পরিবারের কাছ থেকে ১০ লাখ রুপি দাবি করা হলেও ৩ লাখ রুপি পাওয়ার পর পুলিশের সন্দেহের আশঙ্কায় তাকে হত্যা করা হয়। হত্যার পর পরিচয় গোপন করতে দুষ্যন্তের মুখে একাধিক ছুরিকাঘাত করা হয় এবং লাশ একটি সুটকেসে ভরে আমের পাহাড় এলাকায় ফেলে দেওয়া হয়। মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রিয়া শেঠের যাবজ্জীবন কারাদণ্ড হয়। বর্তমানে তিনি সাঙ্গানের ওপেন জেলে সাজা ভোগ করছেন। বর হনুমান প্রসাদের অপরাধ আরও ভয়াবহ। ২০১৭ সালের অক্টোবরে পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকার প্ররোচনায় তিনি এক ভয়ংকর হত্যাকাণ্ড ঘটান। -হিন্দুস্থান টাইমস