ভারতে দিল্লির একাধিক স্কুলে গতকাল বোমাতঙ্কের খবর পাওয়া যায়। দেশটির ফায়ার সার্ভিস অফিস সূত্রে খবর- দিল্লির একটি স্কুলে বোমা রাখা রয়েছে- এ সম্পর্কিত প্রথম ফোনটি আসে গতকাল সকাল ৮টা ৩৩ মিনিটে। এরপর একে একে অন্তত ৯টি স্কুলে বোমা লুকিয়ে রাখা আছে- এরকম খবর পাওয়ার পরই সেখানে পৌঁছায় বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, পুলিশ এবং ফায়ার সার্ভিসের গাড়ি। শুরু হয় বোমার খোঁজে তল্লাশি অভিযান।
বোম্ব লুকিয়ে রাখার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী, অভিভাবক, স্কুল কর্তৃপক্ষের মধ্যে। স্কুলগুলো থেকে শিক্ষার্থীদের বাইরে বের করে আনা হয়। যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু উদ্ধার করা যায়নি।
মূলত ইমেইল মারফত এসব স্কুলে হুমকি-মেইল আসে। সেখানে বলা হয়- ‘দিল্লিকে খালিস্তানে পরিণত করা হবে। পাঞ্জাবকে খালিস্তান করা হবে। আফজাল গুরুর স্মরণে...।’ মেইলে আরও জানানো হয়, ‘আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ১৫ নাগাদ ভারতের সংসদে একটি বিস্ফোরণ ঘটানো হবে।’ মেইলের নিচে স্বাক্ষর করা আছে খালিস্তান ন্যাশনাল আর্মি। দিল্লি পুলিশের কর্মকর্তারা জানার চেষ্টা করছেন ওই মেইলগুলো কোন জায়গা থেকে এসেছিল। যেসব স্কুলে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে সেগুলো হলো- দিল্লির ক্যান্টনমেন্টে অবস্থিত লরেটো কনভেন্ট স্কুল, দক্ষিণ দিল্লির শ্রীনিবাসপুরির ক্যামব্রিজ স্কুল, উত্তর-পশ্চিম দিল্লির রোহিণীতে অবস্থিত ভেঙ্কটেশ্বর স্কুল, সিএম স্কুল, বাল ভারতী স্কুল, দক্ষিণ দিল্লির শাহিদনগরের দ্য ইন্ডিয়ান স্কুল, ডিটিএ স্কুল, দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে অবস্থিত ক্যামব্রিজ স্কুল, রাজেন্দর নগরে অবস্থিত মানব স্থালী স্কুল।