বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করেছে জাপান। এর আগে সামান্য কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটি চালুর প্রথম উদ্যোগ স্থগিত করতে হয়েছিল বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। এএফপির খবরে বলা হয়, টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এক বিবৃতিতে জানিয়েছে, নিগাতা প্রদেশে অবস্থিত কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সোমবার আবার চালু করা হয়েছে। -এএফপি
চলতি বছরের জানুয়ারিতে একটি অ্যালার্ম-সংক্রান্ত সমস্যার কারণে ২০১১ সালের ফুকুশিমা দুর্ঘটনার পর প্রথমবারের মতো কেন্দ্রটি চালুর চেষ্টা স্থগিত করা হয়েছিল। ওই দুর্ঘটনায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে তিনটি রিয়্যাক্টর গলে যায়। এর পরপরই জাপান ব্যাপকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় এবং তখন থেকেই কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রটি কার্যত অচল ছিল। তবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে জাপান আবার পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে। দেশটির রবিবারের নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করা রক্ষণশীল প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও দেশের অর্থনৈতিক গতি ধরে রাখতে পারমাণবিক শক্তির ব্যবহার সমর্থন করছেন। এর আগে, ২১ জানুয়ারি টেপকো কেন্দ্রটির সাতটি রিয়্যাক্টরের একটি চালু করার উদ্যোগ নেয়। কিন্তু পর্যবেক্ষণ ব্যবস্থার একটি অ্যালার্ম সক্রিয় হয়ে ওঠায় পরদিনই তা বন্ধ করে দেওয়া হয়। গত সপ্তাহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেপকো কর্মকর্তারা জানান, একটি কেবলের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে সামান্য পরিবর্তন ধরা পড়ায় অ্যালার্মটি বেজে ওঠে, যদিও তা নিরাপদ সীমার মধ্যেই ছিল। পরে অ্যালার্মের সেটিংস সমন্বয় করা হয়েছে এবং রিয়্যাক্টরটি নিরাপদভাবে পরিচালনার উপযোগী বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। টেপকোর কর্মকর্তাদের মতে, আরেক দফা পূর্ণাঙ্গ পরিদর্শন শেষ হলে আগামী ১৮ মার্চ বা তার পর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যেতে পারে কেন্দ্রটি। -এএফপি