পদত্যাগের ক্রমবর্ধমান দাবি জোরালোভাবে নাকচ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাঁর সরকার পরিচালনার ম্যান্ডেট এখনো অটুট। সম্প্রতি পিটার ম্যান্ডেলসনের সঙ্গে জেফ্রি এপস্টেইনের সম্পর্কের বিষয়টি নতুন করে সামনে আসায় লেবার পার্টির ভিতরে ও বাইরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা সত্ত্বেও স্টারমার নিজের অবস্থানে অনড় রয়েছেন। ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বর্তমানে শুধু দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মনোনিবেশ করতে চান এবং কোনো রাজনৈতিক বিতর্কের চাপে পিছু হটবেন না। এ রাজনৈতিক সংকটের মুখে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা স্টারমারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। চ্যান্সেলর এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষস্থানীয় মন্ত্রীরা এক বিবৃতিতে জানিয়েছেন, সরকার বর্তমানে ঐক্যবদ্ধ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর তাদের গভীর আস্থা রয়েছে। -দ্য গার্ডিয়ান