উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী রাবারের একটি নৌকা উল্টে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নৌকার মাত্র দুজন নারী যাত্রী বেঁচে গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। তারা দুজনই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করেছে। আইওএম বলেছে, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরাও ছিলেন। উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আলজাওইয়া থেকে যাত্রা শুরুর প্রায় ৬ ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। আইওএম বলেছে, চলতি বছরের এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত কিংবা নিখোঁজ হয়েছেন। লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে নিহত হওয়ার পর থেকে ইউরোপে পৌঁছানোর আশায় সাবসাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য লিবিয়া প্রধান প্রস্থান কেন্দ্রে পরিণত হয়েছে। -বিবিসি