উত্তর কোরিয়ার শাসনক্ষমতার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে নিজের কিশোরী কন্যা কিম জু আয়ে-কে চূড়ান্তভাবে মনোনীত করতে যাচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠকে সে দেশের আইনপ্রণেতাদের এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। গতকাল সিউলে আয়োজিত ওই বৈঠকে গোয়েন্দা কর্মকর্তারা জানান, জু আয়ে এখন আর কেবল বাবার আদরের কন্যা হিসেবে নয় বরং রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়েও নিজের মতামত প্রকাশ করতে শুরু করেছেন। ফলে তার উত্তরসূরি হওয়ার পথকে আরও সুসংহত করছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাতে জানা যায়, কিম জু আয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে তার সরব উপস্থিতি এই ধারণাকে জোরালো করেছে। বিশেষ করে দেশটির সশস্ত্র বাহিনী দিবস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কুমসুসান প্যালেস অব দ্য সান পরিদর্শনের সময় কিম জং উনের পাশে তার উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় ছিল। এই প্রাসাদটি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এবং কিম জং ইলের সমাধিস্থল হিসেবে দেশটির সবচেয়ে পবিত্র রাজনৈতিক স্থান হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে, চলতি মাসের শেষের দিকে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে যদি জু আয়ে কোনো বিশেষ পদবি বা সম্মাননা পান, তবে তার উত্তরাধিকারী হওয়ার বিষয়টি কেবল সময়ের ব্যাপার। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে, কিম জং উন বর্তমানে একটি বিশালাকার সাবমেরিন তৈরির কাজ তদারকি করছেন যা পরমাণু শক্তিতে চলতে সক্ষম। -আলজাজিরা