নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সাম্প্রতিক সময়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় আচ্ছন্ন ছিলেন এক নারী নার্স। অবশেষে গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ২৫ বছর বয়সি ওই নারী নার্স ওই হাসপাতালেরই কর্মী ছিলেন। সম্প্রতি রাজ্যটির পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকায় নিজের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন ওই নারী নার্স। সেখানেই নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে গত বছরের ৩১ ডিসেম্বর প্রথমে স্থানীয় কাটোয়া হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে তাকে বর্ধমান মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তার পরেও অবস্থার উন্নতি না হওয়ায়, গত ৪ জানুয়ারি বর্ধমান থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে তার কর্মস্থল অর্থাৎ বারাসাতের ওই বেসরকারি হাসপাতাকে ভর্তি করানো হয়েছিল।
কার্যত তখন থেকেই আইসোলেশন ওয়ার্ড তৈরি করে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ইতোমধ্যে গত ১১ জানুয়ারি তার শরীরের নমুনা পরীক্ষা করলে নিপাহ ভাইরাস ধরা পড়ে।
জানা গেছে, দীর্ঘ সময় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটতে (সিসিইউ) থাকায় তার ইমিউনিটিও তলানিতে চলে গিয়েছিল। তার ওপরে ফুসফুসে সংক্রমণ হয় তাঁর। অবশেষে বারাসতের হাসপাতালেই থামল জীবনযুদ্ধ।