ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। ইউএসএস গেরাল্ড আর ফোর্ড এবং তার সঙ্গী যুদ্ধজাহাজগুলোকে শিগগিরিই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার প্রথম নিউইয়র্ক টাইমস এ খবর দেয়; পরে আরও মার্কিন গণমাধ্যম এ খবর প্রচার করে।
এ নিয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও অফিস সময় পেরিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি। তবে দিনকয়েক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরি পাঠানোর কথা ভাবছেন। ওই অঞ্চলে এখন মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান করছে। এ রণতরি এবং তার সঙ্গে সুনির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম এমন একাধিক যুদ্ধজাহাজ জানুয়ারিতেই মধ্যপ্রাচ্যে পৌঁছায়। -রয়টার্স ও আলজাজিরা