ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় কেনিয়ার নাইরোবিসহ দেশটির বিভিন্ন স্থানে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি তথ্য মতে, গত কয়েক দিনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।
নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনীসহ জরুরি উদ্ধারকারী দলগুলো সারা দেশে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কেনিয়ার জনজীবন স্থবির হয়ে পড়ে। বৃষ্টির তোড়ে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বহু মানুষ পানিতে তলিয়ে যান এবং অসংখ্য যানবাহন ভেসে যায়। বন্যার প্রভাবে দেশের প্রধান বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। কেনিয়ার জনসেবা মন্ত্রী জিওফ্রে কিরিঙ্গা রুকু জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধারে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি বিশেষ টিম কাজ করছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জাতীয় মজুত থেকে জরুরি খাদ্যসহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন। -রয়টার্স ও আলজাজিরাক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে পূর্ব আফ্রিকায় বৃষ্টির ধরন বদলে গেছে। এখন অল্প সময়ে অস্বাভাবিক তীব্র বৃষ্টিপাত হওয়ায় বন্যার ঝুঁকি আগের তুলনায় বেড়ে গেছে দ্বিগুণ। -রয়টার্স ও আলজাজিরা