ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে জ্বালানি সংকটে পড়া থাইল্যান্ডে সরকারি কর্মকর্তাদের জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। গতকাল সরকারের এক মুখপাত্র জানান, সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিত করা এবং লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি মুখপাত্র লালিদা পেরিসউইভাতানা সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে গতকাল থেকেই সরকারি কর্মকর্তারা বাসা থেকে কাজ করবেন।’ তবে যেসব কর্মকর্তার সরাসরি জনগণকে পরিষেবা দিতে হয়, তারা এই নির্দেশের বাইরে থাকবেন বলে তিনি জানান। জ্বালানি মন্ত্রী আত্তাপোল রের্কপিবুন জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতির দেশে বর্তমানে প্রায় ৯৫ দিনের জ্বালানি মজুত রয়েছে।
এদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া এবং তেলের দামের ্ঊর্ধ্বগতির মুখে কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে ভিয়েতনাম। রয়টার্স লিখেছে, জ্বালানি সাশ্রয় প্রচেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই পরামর্শ দেয়। গতকাল সরকারের এক বিবৃতিতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের বরাতে বলা হয়, মধ্যপ্রাচ্যের জ্বালানি আমদানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ক্ষতির মুখে পড়া দেশগুলোর মধ্যে আছে ভিয়েতনাম।