তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইরানকে সতর্ক করে বলেছেন, তুর্কি আকাশসীমা লঙ্ঘন ‘কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না’। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা কোনো পক্ষকেই সাহায্য করছে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে এরদোগান বলেন, তুরস্ক যুদ্ধের অবসান ঘটাতে কূটনীতির পথ খুলে দেওয়ার চেষ্টা করছে।
গত রাতে মন্ত্রিসভার বৈঠকে এরদোগান বলেন, ‘আমাদের আন্তরিক সতর্কবার্তা সত্ত্বেও অত্যন্ত ভুল এবং উত্তেজনা-সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা তুরস্কের বন্ধুত্বকে ঝুঁকির মুখে ফেলছে’। এ মন্তব্য আসে এমন সময়, যখন ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার তুর্কি আকাশসীমায় প্রবেশ করা ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। -বিবিসি
ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী আকারে দ্বিতীয় বৃহত্তম এবং দেশটির সঙ্গে ইরানের ৫০০ বছরের স্থিতিশীল সীমান্ত রয়েছে। ন্যাটোর অন্য কোনো দেশ ইরানে অবশিষ্ট শাসনব্যবস্থার সঙ্গে এমন নিবিড় যোগাযোগ রাখে না। ইউক্রেন, গাজা এবং আরও বেশ কিছু সংকটের মতো এখানেও এরদোগান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করছেন। -বিবিসি