পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে প্রতিটি দলের প্রার্থীই নিজেদের মতো করে প্রচার চালাচ্ছেন। প্রার্থীদের সমর্থনে চলছে দেওয়াল লিখন ও পোস্টার, ব্যানার সাঁটানো। তবে এতে বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ও উর্দু ভাষার ব্যবহার দেখা গেছে। এমনকি চীন বংশোদ্ভূত ভোটারদের টানতে প্রচার চলছে মান্দারিন ভাষাতেও। কলকাতা শহরের ট্যাংরা এলাকায় চীনা বংশোদ্ভূত প্রায় ২ হাজার ভারতীয় ভোটার বসবাস করেন। স্থানটি ‘চায়না টাউন’ নামেও পরিচিত। ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের পর কাজের খোঁজে ভারতে চলে আসে সীমান্তে বসবাসকারী কয়েক হাজার চীনা পরিবার। প্রথম দিকে কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও একসময় কলকাতার ট্যাংরা এলাকা বসতি গড়ে তোলে পরবর্তীতে ভোটারও হয়ে যান। যদিও তারা বাংলা ভাষায়ও কথা বলতে পারেন। ট্যাংরা এলাকা দক্ষিণ কলকাতার কসবা বিধানসভার অন্তর্গত। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ খানের সমর্থনে চাইনিজ ভাষায় দেওয়াল লিখন চলছে। তাদের প্রচারে মূলত গুরুত্ব পেয়েছে নারীদের ভাতা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। -কলকাতা প্রতিনিধি
এ ছাড়াও যুবশ্রী, কন্যাশ্রী স্বাস্থ্যসাথীর মতো একাধিক সরকারি প্রকল্পকেও তারা প্রচারের হাতিয়ার করেছেন। চায়না টাউন এলাকার তৃণমূল নেত্রী নুরজাহান মণ্ডল বলেন, আমরা যদি তাদের ভাষায় লিখি তারা আনন্দিত হয়। মান্দারিন ভাষায় দেওয়াল লেখক লালবাবু প্রসাদ বলেন, এলাকায় থাকতে থাকতে কিছু মান্দারিন ভাষা বুঝি। তবে দেওয়াল লিখেছি দেখে দেখে।
তবে শুধু মান্দারিন নয়, হিন্দি এবং উর্দু ভাষাভাষী ভোটারদের কথা মাথায় রেখে হাওড়া বেলিয়াস রোডে ও কলকাতার একাধিক জায়গায় উর্দু ভাষাতেই দেওয়াল লেখা হচ্ছে। হাওড়া বেলিয়াস রোডের বিজেপি নেতা সুরজিৎ রায় বলেন, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধরনের মানুষের বসবাস। তাই হিন্দি, বাংলা, উর্দু, ইংরেজি সব ভাষাতেই আমাদের প্রচার করতে হয়।