অর্থোডক্স (খ্রিস্টানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব) ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এই সময়ে ‘সব দিকে’ যুদ্ধবিরতি বজায় রাখতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার সেনাদের নির্দেশ দিয়েছেন। বিবিসি লিখেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার যুদ্ধবিরতি চেয়ে এলেও তাতে কর্ণপাত করেনি ক্রেমলিন। এখন তারাই গতকাল মস্কো সময় বিকাল ৪টা থেকে ইস্টার রবিবার পর্যন্ত যুদ্ধবিরতি দিয়ে বসে। এই ঘোষণা দিয়ে পুতিন বলেন, ইউক্রেনও ‘রাশিয়ার উদাহরণ অনুসরণ করবে’ বলে তিনি আশা করছেন। পরে জেলেনস্কি এক্সে জানান, কিয়েভ ‘একই ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত’।
‘হুমকিমুক্ত এবং শান্তির দিকে সত্যিকারের অগ্রযাত্রার একটি ইস্টার লোকজনের প্রয়োজন। ইস্টারের পরও ফের হামলা না করার সুযোগ রাশিয়ার রয়েছে,’ বলেছেন তিনি। দিন কয়েক আগে ইউক্রেনের এ প্রেসিডেন্ট বলেছিলেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ইস্টারের ছুটির সপ্তাহান্তে যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোকে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন। যুদ্ধের যে কোনো বিরতিই ইউক্রেনের পূর্বাঞ্চলের দীর্ঘ রণাঙ্গনজুড়ে থাকা সেনাদের জন্য স্বস্তির পরশ হয়ে আসার কথা, যেখানে ড্রোন থেকে বাঁচতে দিনরাত হয়রান হচ্ছে তারা। রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা এবং বিমান হামলার সতর্ক সঙ্কেত বা সাইরেন এখন ইউক্রেনের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। -রয়টার্স