মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ বলে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যজুড়ে ‘গণহত্যা’ চালাচ্ছে এবং একই সময়ে ইসলামাবাদে শান্তি আলোচনার বন্দোবস্ত করা হলেও লেবাননে হামলা অব্যাহত রয়েছে। খাজা আসিফ দাবি করেন, নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে এবং গাজা, ইরান ও লেবাননে ‘রক্তপাত অব্যাহত রয়েছে।’ তিনি আরও বলেন, যারা ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠা করেছেন তারা ‘নরকে পুড়বে।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি এবং বৈঠক হওয়ার আগের রাতে খাজা আসিফের এই মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ২ মার্চ থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে ১৭৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব হামলায় সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। তবে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পরপরই লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে লেবাননে ব্যাপক প্রাণঘাতী হামলার পর ইসরায়েলের ধ্বংস চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যে পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তা মুছে দিয়েছেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে জানিয়েছে, পোস্টটির কোনো হদিস আর পাওয়া যাচ্ছে না।
-আনাদোলু এজেন্সি