পশ্চিমবঙ্গের আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচন সামনে রেখে ঘটল মুসলিম দলে ভাঙন। গতকাল দানিশ আজিজের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) ঘোষণা দিয়ে হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) থেকে বেরিয়ে গেছে।
এআইএমআইএম দলের নেতা দানিশ আজিজ জানান, ‘দলের সর্বভারতীয় সভাপতি আসাদুদ্দিন ওয়াইসির নির্দেশে হুমায়ুন কবীরের দল আমজনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) জোট ভেঙে দেওয়া হয়েছে।’ এ বিষয়ে গতকাল সকালে এআইএমআইএম দলের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে দানিশ আজিজ লিখেছেন, ‘হুমায়ুন কবীরের প্রকাশ করা তথ্যগুলো দেখিয়ে দিয়েছে যে বাংলার মুসলমানরা কতটা নাজুক অবস্থায় আছে।
এআইএমআইএম এমন কোনো বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না, যেখানে মুসলমানদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়। আজ থেকে এআইএমআইএম হুমায়ুন কবীরের দলের সঙ্গে তাদের জোট প্রত্যাহার করে নিয়েছে। বাংলার মুসলমানরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত একটি জনগোষ্ঠী। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও তাদের জন্য কিছুই করা হয়নি। যেকোনো রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এআইএমআইএম-এর নীতি হলো, প্রান্তিক জনগোষ্ঠী যেন একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর পায়। আমরা বাংলার নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভবিষ্যতে কোনো দলের সঙ্গে আমাদের কোনো জোট থাকবে না।’