দেশের ২৪টি মেডিকেল কলেজে ৬১৫টি আসন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এবং বিক্রমপুর মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি স্থগিত করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত চিঠিতে জানা যায়, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে গত ৩০ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের ১৪টি সরকারি মেডিকেল কলেজে ৩৫৫টি আসন কমানো হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, নেত্রকোনা মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজ, মাগুরা মেডিকেল কলেজ, চাঁদপুর মেডিকেল কলেজে ২৫টি করে আসন কমানো হয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজে ৫০টি এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ৫টি আসন কমানো হয়েছে। এদিকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫টি করে মোট ৭৫টি আসন বাড়ানো হয়েছে।
বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে ৫০টি আসন, সাহাবউদ্দিন মেডিকেল কলেজে ১৫টি আসন, সিটি মেডিকেল কলেজে ৩০টি আসন, এমএইচ শমরিতা মেডিকেল কলেজে ১৫টি আসন, মার্কস মেডিকেল কলেজে ২০টি আসন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, ঢাকায় ১৫টি আসন, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ১৫টি আসন, ডেলটা মেডিকেল কলেজে ১৫টি আসন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুরে ৪০টি আসন এবং কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে ৪৫টি আসন কমানো হয়েছে। এ ব্যাপারে বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন বলেন, বেশ কিছু মেডিকেল কলেজে শিক্ষক, ক্লাসরুম, ল্যাবসহ শিক্ষা সুবিধার সংকট রয়েছে। মেডিকেল শিক্ষার মানোন্নয়নে এসব মেডিকেল কলেজে আসন পুনঃবিন্যাস করা হয়েছে।