গাজীপুরের কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ড এলাকায় চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে হাতুড়িপেটা করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় টান কালিয়াকৈর থেকে কুরবান আলী (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
কুরবান আলী দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুরের আবদুল মালেকের ছেলে। তিনি কালিয়াকৈরের চাপাইরে বসবাস করেন। তবে হাতুড়িপেটার শিকার ওই যুবকের নাম-ঠিকানা জানা যায়নি। স্থানীয়দের বরাতে জানা গেছে, গত বুধবার ট্রাকস্ট্যান্ড এলাকায় একটি নারকেল গাছের সঙ্গে যুবকটিকে চোর আখ্যা দিয়ে বেঁধে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ মোবাইলে ছবি ও ভিডিও করলেও কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। পরে আহত যুবককে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, হাতুড়িপেটার ঘটনায় আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি বলেন, কুরবান আলীর একটি বাস রাজধানী পরিবহন কোম্পানির অধীনে চলাচল করে। গাড়িটির মূল চালক কিছুদিন আগে হাতুড়িপেটার শিকার ওই যুবককে বদলি হিসেবে চালাতে দিয়েছিলেন।
এ সুযোগে তিনি ঢাকার মিরপুরে নিয়ে বাসটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন। পরে মূল চালক সেটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেন। বুধবার বদলি চালককে পেয়ে তাকে বেঁধে হাতুড়ি দিয়ে পেটান কুরবান আলী। মারধরের শিকার যুবকের বাড়ি উত্তরবঙ্গে। তাকে পেলে এর সত্যতা জানা যাবে।