শীতের প্রকোপে জবুথবু হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। এক সপ্তাহ ধরে তাপমাত্রা কমে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। গতকাল সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ১০ দশমিক ২ ডিগ্রি।
এদিকে দিনের অনেকটা সময় কুয়াশায় ঢাকা থাকে সূর্য। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। ঘন কুয়াশার কারণে যানবাহন হেডলাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করে। এতে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের চর ও দ্বীপের শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ে।
রাজারহাট আবহাওয়া কৃষি পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বর্তমানে তাপমাত্রা ১০-১২ ডিগ্রিতে ওঠানামা করছে। চলতি মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।