রাজধানীর ডেমরার কোনাপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ছাত্র ইরাম রেদওয়ান (২৫) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ছাত্র অপু আহমেদ (২৫)। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সহপাঠী তাওসিফ বলেন, ‘দুই বন্ধু একটি বিয়ের গায়েহুলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। কোনাপাড়ায় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের ধাক্কা দিলে গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা গিয়ে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে অপুকে এবং কিছুক্ষণ পর ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করেন।’ এ বিষয়ে ডেমরা থানার এসআই রুবেল হাওলাদার বলেন, ‘ময়লার গাড়িটি (ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪) জব্দ করা হয়েছে। চালক পলাতক। তাঁকে ধরতে অভিযান চলছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা ওই এলাকার বাসিন্দা। ওই রোডে সিটি করপোরেশনের ময়লার গাড়িগুলোর অধিকাংশ চালকই মাদক সেবন করেন। তাঁরা কোনো নিয়মনীতি না মেনে রাতে বেপরোয়া গতিতে গাড়ি চালান। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।’ জানা গেছে, অপু ডেমরার সানারপাড়ার বাবুলের ছেলে এবং ইরামের বাসা চিটাগং রোড।